বন্যার্তদের সহায়তায় ফেসবুক লাইভ কনসার্ট

২৫ আগষ্ট, ২০২৪ ১২:১৬  

বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ হিসেবে ফেসবুক লাইভ কনসার্ট এর আয়োজন করেছে উত্তর আমেরিকায় অবস্থিত বাংলাদেশী আর্টিস্ট ফোরাম নিয়েছে। লাইভ কনসার্টটি ২৫ আগস্ট বাংলাদেশ সময় রাত ১০টায় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম দুপুর ১২টায় সরাসরি সম্প্রচার হবে ফেসবুকে।

এতে অন্তর্জালে অংশ নেওয়ার কথা রয়েছে ওয়ারফেজ, শূন্য, বাবনা করিম, চন্দন (উইনিং), আনিলা, তুষার (ইন ঢাকা)সহ আরও অনেক ব্যান্ড ও কণ্ঠশিল্পী। এতে যুক্ত হয়ে শিল্পীরা তাদের সংগীত ও কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন এবং একই সঙ্গে সকলকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাবেন।

দর্শকরা সরাসরি কনসার্টটি শূন্য, ওয়ারফেজ ও রাজীব রাসেলের ফেসবুক পেজ থেকেও উপভোগ করতে পারবেন। অনলাইন কনসার্টের সঞ্চালনায় থাকবেন নিউজার্সি থেকে রাজীব রাসেল, টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে শারমিন লাকি।

নিউজার্সি থেকে রাজীব রাসেল গণমাধ্যমে বলেছেন, ‘এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ব্যবহৃত হবে। আমরা আশা করছি এই প্রচেষ্টার মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা পাবে এবং তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। বন্যার্তদের সহায়তায় আপনার মূল্যবান অংশগ্রহণ এবং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।’

এই কনসার্টটি বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকার আয়োজনে সমর্থন দিচ্ছে অঙ্কুর ইন্টারন্যাশনাল। আয়োজকরা মনে করেন, এটি কেবলমাত্র একটি কনসার্ট নয়; মানবিক সহায়তার প্রতি আন্তরিক আহ্বানও।